tanaka
প্রচ্ছদখেলা৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে

৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে

বয়স ৪৪ ছুঁলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা কমেনি ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে নিজের যাত্রা অব্যাহত রেখেছেন তিনি। এবার ২০২৭ মৌসুমে কাউন্টি ক্রিকেটে নতুন দল হিসেবে সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার।

ল্যাঙ্কাশায়ার নতুন করে চুক্তির প্রস্তাব না দেওয়ায় অ্যান্ডারসনকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বেশ কয়েকটি কাউন্টি ক্লাব। তবে সব প্রস্তাব বিবেচনার পর শেষ পর্যন্ত লন্ডনের দ্য ওভালভিত্তিক সারে ক্লাবকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

নতুন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যান্ডারসন। তিনি জানান, একটা সময় তার মনে হয়েছিল হয়তো আর ক্রিকেট খেলা হবে না। তবে সারের হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত।

গত মাসে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে ল্যাঙ্কাশায়ার ছাড়েন এই অভিজ্ঞ পেসার। ২০০১ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৮৮টি টেস্ট ম্যাচ খেলে ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান তৃতীয়। পেসারদের মধ্যে তিনিই শীর্ষে।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ৯৯১। ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ এবং পেসারদের মধ্যেও অনন্য রেকর্ড।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। সর্বশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫০টি উইকেট নেওয়ার পাশাপাশি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন এই কিংবদন্তি পেসার।

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার পেছনে ফেলে নতুন ক্লাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সেও তার ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আবারও প্রমাণ করছে, বয়সের চেয়ে অভিজ্ঞতা ও খেলার প্রতি ভালোবাসাই তার কাছে বড়।