সংসদের তদারকি ও দেশের সব নিরাপত্তা সংস্থার পূর্ণ সম্মতি ছাড়া ইসরাইলকে যুদ্ধে জড়াতে পারে—এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন। সেখানে লিবারম্যান বলেন, সংসদের তদারকি এবং সব নিরাপত্তা সংস্থার পূর্ণ অনুমোদন ছাড়া ইসরাইলকে যুদ্ধে জড়ানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ ক্ষেত্রে নিরাপত্তা সংস্থাগুলোর সম্মতির বিষয়টি বিশেষভাবে নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
এর মধ্য দিয়ে নেতানিয়াহুকে নতুন সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করা ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের অবস্থানের সঙ্গে একমত হলেন লিবারম্যান। এর আগে বুধবার আইজেনকোটও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তার বা প্রধানমন্ত্রীর বিরোধী দল কিংবা কোনো আইনি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।
এদিকে গত রোববার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। সংসদের ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকোটের পক্ষে সুপারিশ করেছিল। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিল ৪৬ জন। বাকি সাতজন কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করেননি।
নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এ সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের সংসদ নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পায়। বিরোধী দলগুলোর দখলে যায় ৪৮টি আসন এবং আরব দলগুলো পায় ১৯টি। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
সরকার গঠনের পথ তৈরি করতে গিয়ে আইজেনকোটকে কয়েকটি গুরুত্বপূর্ণ মতবিরোধের মুখে পড়তে হচ্ছে। সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার প্রশ্ন এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতির দাবি নিয়ে মতপার্থক্য রয়েছে।
সোমবার আইজেনকোট ও লিবারম্যান অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। তবে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করেছেন লিবারম্যান।
অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বুধবার জানিয়েছেন, তিন সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন করা সম্ভব। ইউনাইটেড আরব লিস্ট (রাআম)-এর সঙ্গে সহযোগিতা এবং আরব জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন তিনি।
সূত্র: আনাদোলু



