tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের ভিসানীতিতে বড় সংস্কার, পর্যটন-চিকিৎসা ও ব্যবসায় মিলবে বাড়তি সুবিধা

ভারতের ভিসানীতিতে বড় সংস্কার, পর্যটন-চিকিৎসা ও ব্যবসায় মিলবে বাড়তি সুবিধা

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও হয়রানিমুক্ত করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের ভারত ভ্রমণ সহজ করাই এ সংস্কারের মূল লক্ষ্য। ২০২৫ সালের অক্টোবরে ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের কাজ শুরু হয়। নতুন কাঠামো চূড়ান্ত করার আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ডও পর্যালোচনা করেছে সরকার।

পর্যটক ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’

নতুন ভিসানীতিতে পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে এ ভিসার আওতায়।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।

ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটন ছাড়াও স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, সুস্থতা কার্যক্রম, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা ও হস্তশিল্পের কোর্স এবং স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।

অন্যদিকে, তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ করতে আগ্রহীদের দেওয়া হবে ভি-২ ভিসা। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে এতে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসায় একাধিকবার প্রবেশের সুযোগ

বিদেশি রোগীদের সুবিধার্থে চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে।

নতুন নিয়মে আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য দেওয়া হবে এম-১ ভিসা। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে এম-৩ ভিসা। উভয় ভিসা এবং এর ই-ভিসা সংস্করণের সাধারণ মেয়াদ হবে এক বছর। এ সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও থাকছে পৃথক ভিসা। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গীরা পাবেন এম-২ ভিসা। আর এম-৩ ভিসাধারীদের সঙ্গে থাকা ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে এম-৪ ভিসা।

ভারত সরকারের প্রত্যাশা, এ পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ কিংবা ধারাবাহিক পরীক্ষার প্রয়োজনে যাতায়াতকারী বিদেশি রোগীরা বেশি সুবিধা পাবেন। বারবার নতুন করে ভিসার আবেদন করার ঝামেলাও কমবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগকে এগিয়ে নিতেও এ সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য পৃথক ভিসা

শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন।

অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা দেওয়া হতে পারে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ব্যবসায়িক ভিসায় নতুন শ্রেণিবিন্যাস

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি ভাগে পুনর্বিন্যাস করা হয়েছে। বি-১ ভিসার আওতায় থাকবেন দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী বিদেশি নাগরিকেরা।

অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিংয়ের সুযোগ থাকবে।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।

এ ধরনের পেশাজীবীদের বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা দেওয়া যেতে পারে। এ ভিসার জন্য ই-ভিসায় আবেদন করার সুযোগও রাখা হয়েছে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা

বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পাচ্ছেন।

নতুন ভিসানীতি কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।

সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান নয়টি শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকেরা। এ ছাড়া প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।

ভারতের এ ভিসা সংস্কারের ফলে পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে দেশটিতে যাতায়াতকারী বিদেশি নাগরিকদের আবেদনপ্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি