প্রবাসী কার্ড দেওয়ার কথা বলে পেনশন সুবিধা ও দ্রুত কার্ড পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি অসাধু চক্র। এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক করে প্রবাসী বাংলাদেশিদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। একই সঙ্গে এর জন্য আবেদন গ্রহণের কার্যক্রমও শুরু করা হয়নি।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশে ও বিদেশে কিছু অসাধু ব্যক্তি এবং দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে কার্ড দেওয়ার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে পেনশন সুবিধা পাওয়ার আশ্বাস এবং দ্রুত কার্ড সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে তারা অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার বিষয়ে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও স্বীকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তাই কার্ড পাওয়ার আশায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।



