tanaka
প্রচ্ছদসারাদেশআমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি আলোচক মুফতি আমির হামজার পদত্যাগ এবং তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজের নারীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৌরসভা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। বিক্ষোভকারীরা ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা গত ৬ নভেম্বর নারীর সঙ্গে কথোপকথনসংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ তুলে আমির হামজার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। তাদের দাবি, সংশ্লিষ্ট অডিওতে আমির হামজার কণ্ঠে ‘আমি ভুল করেছি’ বলতে শোনা গেছে। এ ছাড়া বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশটও তাদের হাতে এসেছে বলে জানান বক্তারা।

তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ নানা অনুষ্ঠানে নারীদের নিয়ে আমির হামজার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে তাদের অভিযোগ। এ ধরনের বক্তব্য নারীদের সামাজিক মর্যাদা ও সম্মানকে ক্ষতিগ্রস্ত করে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের সম্মান ও অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। নারীদের অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। একজন সংসদ সদস্যের বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতার প্রতিফলন থাকা জরুরি। তাই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমির হামজাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশ থেকে আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতারা।