ব্রিটেনে একই সময়ে একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন কাশিম চৌধুরী নামে এক সরকারি কর্মকর্তা। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে একাধিক সরকারি পদে কর্মরত থেকে তিনি করদাতাদের ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তার উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন বিচারক।
পূর্ব লন্ডনের ৫৬ বছর বয়সী কাশিমের বিরুদ্ধে প্রতারণার মোট নয়টি অভিযোগ আনা হয়েছিল। প্রায় সাত ঘণ্টা deliberation-এর পর জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে আটটি মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতারণা এবং একটি তথ্য গোপন করে প্রতারণার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে।
বিচারক জানিয়েছেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় কাশিমকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ভোগ করতে হতে পারে। একই সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জামিনের আবেদনও নাকচ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের আটটি পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। চাকরিগুলোর সময়সীমা পরস্পরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি একই সময়ে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন নিয়েছেন। এভাবে তার মোট আয় হয় প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
প্রসিকিউশনের ভাষ্য, চাকরির আবেদন করার সময় কাশিম নিজের কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। আগে থেকেই সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি নতুন নিয়োগকর্তাদের কাছে গোপন রাখেন। এমনকি একাধিক প্রতিষ্ঠানে চাকরি শুরু করার পরও এক প্রতিষ্ঠানের কাছে অন্য প্রতিষ্ঠানের চাকরির তথ্য প্রকাশ করেননি।
২০২৩ সালে তিনি একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এর মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফরা), স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ, যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ), ব্যবসা ও বাণিজ্য বিভাগ, খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর। ওই সময় তার চুক্তি অনুযায়ী সপ্তাহে মোট ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সপ্তাহের সাত দিনের মোট সময়ের চেয়েও বেশি।
চাকরি হারানোর ভয় দেখিয়ে আত্মপক্ষ সমর্থন
আদালতে কাশিম দাবি করেন, অতীতে চাকরির অনিশ্চয়তার অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া ভয় তাকে একাধিক চাকরি নিতে বাধ্য করেছিল। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি পদ থেকে ছাঁটাই হওয়ার পর তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) শনাক্ত হয়। মানসিক চাপ, উদ্বেগ ও অতীতের অভিজ্ঞতার কারণে চাকরির আবেদন করার সময় তিনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি বলেও দাবি করেন।
তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম শুধু চাকরির আবেদনেই নয়, সাক্ষ্য দেওয়ার সময় এবং শপথের অধীনেও মিথ্যা বলেছেন। তার এই আচরণ পরিকল্পিত প্রতারণার গভীরতা তুলে ধরে।
আদালতে কয়েকজন ব্যবস্থাপকও কাশিমের কর্মদক্ষতা নিয়ে অসন্তোষের কথা জানান। ডেফরায় তার ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি বলেন, কাশিমকে প্রায় প্রতিটি কাজের নির্দেশনা আলাদাভাবে দিতে হতো। ভিডিও কলে তিনি প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং এর কারণ হিসেবে কারিগরি সমস্যার কথা বলতেন।
এভাবে চার থেকে পাঁচ মাস কাজ করার পরও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় তিনি স্থায়ী চাকরি পেয়ে যান। সেখানে প্রায় দুই বছর কর্মরত ছিলেন।
অসুস্থতার ছুটি নিয়েও চলত অন্য প্রতিষ্ঠানে কাজ
প্রসিকিউশনের অভিযোগ, একাধিক প্রতিষ্ঠানের কাজের চাপ সামাল দিতে কাশিম অসুস্থতাজনিত ছুটির সুবিধা ব্যবহার করতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। তবে একই সময়ে স্বরাষ্ট্র দপ্তরে কাজ চালিয়ে গেলেও সেখানে নিজের অসুস্থতার বিষয়টি জানাননি।
একই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস তার সঙ্গে একটি ভিডিও বৈঠকের আয়োজন করেন। তখন কাশিম প্রায় তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তাকে আবার কাজে ফেরানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই বৈঠকটি ডাকা হয়েছিল।
আদালতে অ্যাডামস জানান, বৈঠকের শুরুতে কাশিমকে প্রচুর কাশতে দেখা যায়। এ সময় তিনি ক্যামেরার সামনে টিস্যুও নাড়াচ্ছিলেন। তার মুখে সাদা রঙের মেকআপ রয়েছে বলে অ্যাডামসের সন্দেহ হয়। বৈঠক চলার সময় ঘাম ও মুখ ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। এতে মুখের নিচের অংশ ও ঘাড়ের রঙের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তবে মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন কাশিম।
বৈঠক শেষে অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ইমেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর সভায় অংশ নিয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি কারিগরি সমস্যার কথা জানান। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় অ্যাডামস ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এরপরও কয়েক মাস ধরে তার প্রতারণামূলক কর্মকাণ্ড অব্যাহত ছিল।
২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে কাশিমের বিষয়ে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। এরপর বিভাগটির তদন্ত দল অনুসন্ধান শুরু করে। একই বছরের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সেপ্টেম্বরে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।
মায়ের বাড়ির অর্ধেক সম্পত্তি নেওয়ার অভিযোগও রয়েছে
সরকারি চাকরিতে প্রতারণার মামলার বাইরে পারিবারিক সম্পত্তি নিয়েও আইনি বিরোধে জড়িয়েছেন কাশিম। মায়ের মৃত্যুর কয়েক দিন আগে তাকে প্রভাবিত করে পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ তুলেছেন তার ভাই-বোনেরা।
এ বিষয়ে হাইকোর্টে দায়ের করা মামলায় কাশিমের দুই ভাই ও এক বোন অভিযোগ করেন, মাকে ‘অযাচিত প্রভাব’ খাটিয়ে কয়েকটি নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। এর ফলে বাড়িটির অর্ধেক মালিকানা কাশিমের নামে চলে যায়।
পূর্ব লন্ডনে অবস্থিত চারতলা ও ছয় শয়নকক্ষের বাড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ পাউন্ড। ভাই-বোনদের দাবি, নথিতে স্বাক্ষর করার সময় তাদের মা ফাইজুন নেসা গুরুতর অসুস্থ ছিলেন। কী ধরনের কাগজে স্বাক্ষর করছেন, তা বোঝার মতো শারীরিক ও মানসিক অবস্থা তার ছিল না।
২০২৩ সালের জানুয়ারিতে তার চতুর্থ পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসার শনাক্ত হয়। এ ছাড়া তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজিতে কথা বলতে পারতেন না। অভিযোগকারীদের দাবি, গুরুত্বপূর্ণ নথিগুলো স্বাক্ষরের আগে তার মাতৃভাষা বাংলায় অনুবাদ করেও বুঝিয়ে দেওয়া হয়নি।
তবে সম্পত্তি নিয়ে ভাই-বোনদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন কাশিম চৌধুরী। এ সংক্রান্ত মামলার বিচার এখনো চলমান রয়েছে।
সূত্র: বিবিসি



