tanaka
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন, অল্পের জন্য রক্ষা

নারায়ণগঞ্জে লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন, অল্পের জন্য রক্ষা

ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় লরির টায়ারের কিছু অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে একই রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করেছে পুলিশ।