tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে দুই ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে দুই ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে উভয় পরীক্ষা আয়োজন ও সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আগের শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থী এখনো পরীক্ষায় অংশ নেননি, তাদের ক্ষেত্রেও এ শিক্ষাবর্ষের নিয়ম কার্যকর হবে। ইনকোর্স পরীক্ষার জন্য ১০ নম্বর এবং অ্যাসাইনমেন্টের জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে। দুটি ক্ষেত্রেই আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্লাসে অন্তত ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। উপস্থিতির জন্য ন্যূনতম ৩ নম্বর পাওয়াও বাধ্যতামূলক। এসব শর্ত পূরণ করতে ব্যর্থ হলে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাওয়া যাবে না।

দুটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় হিসাব করে চূড়ান্ত নম্বর নির্ধারণ করতে হবে। পরে তা অনলাইনে জমা দিতে হবে। নম্বর এন্ট্রির সময়সীমা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে অনলাইন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর নম্বর জমা দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যাদের ইনকোর্সের নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, কেবল তারাই ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় স্থান পাবেন।

তবে আগে পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এবং মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নতুন করে ইনকোর্স পরীক্ষায় বসতে হবে না। তাদের আগের ইনকোর্স পরীক্ষার নম্বরই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হবে।

পরীক্ষা আয়োজনের দায়িত্ব সংশ্লিষ্ট কলেজগুলোর ওপর থাকবে। শিক্ষকেরা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবেন। ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে জমা দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, একবার নম্বর এন্ট্রি সম্পন্ন হলে তা সংশোধন কিংবা পুনরায় জমা দেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। পরে দুটি পরীক্ষার উত্তরপত্র একসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।