২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ১২ নভেম্বর। এ প্রক্রিয়া চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের যাবতীয় তথ্য অনলাইনে পাঠিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের নিবন্ধনসংক্রান্ত তথ্য পাঠানোর কাজ শেষ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তি ওয়েবসাইটে লগইন করার পর শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ না হলে পরবর্তী সময়ে কোনো জটিলতা দেখা দিলে তার দায়ভার মাদ্রাসা শিক্ষা বোর্ড নেবে না।



