ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করে ধীরে ধীরে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখার কথা জানিয়েছেন দিঘী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। তাঁকে ঘিরে কী ধরনের আলোচনা চলছে কিংবা এসব গুঞ্জনের উৎস কোথায়, তা নিয়ে খুব একটা ভাবেন না বলে জানান তিনি।
দিঘীর ভাষ্য, শোবিজ অঙ্গনে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়ানো স্বাভাবিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা কিংবা গুঞ্জনের বিষয়ে অযথা ব্যাখ্যা দিতে আগ্রহী নন দিঘী। বরং বিনোদন অঙ্গনের একজন শিল্পী হিসেবে এসব বিষয় স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।
অভিনেত্রীর মতে, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক ও সাধারণ মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি গুঞ্জনকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।
এ বিষয়ে দিঘী আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’
সব মিলিয়ে, বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি বা অস্বীকৃতি না দিয়ে বিষয়টিকে নিছক গুঞ্জন হিসেবেই দেখছেন অভিনেত্রী দিঘী।



