দুই দশক আগে চুরি যাওয়া ১৭ শতকের একটি দুর্লভ চিত্রকর্ম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় উদ্ধার করেছে ইতালির পুলিশ। দেশটির পারমা শহরে আয়োজিত একটি প্রাচীন সামগ্রীর মেলায় চিত্রকর্মটির সন্ধান পায় এআই প্রযুক্তি। পরে যাচাই-বাছাই শেষে এর পরিচয় নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালের ১১ আগস্ট নেপলসের কাছাকাছি একটি গির্জা থেকে চিত্রকর্মটি চুরি হয়। এতে খ্রিষ্টীয় ধর্মীয় ব্যক্তিত্ব সেন্ট অ্যাগনেসের প্রতিকৃতি আঁকা ছিল। তবে চোরেরা ছবির মূল অবয়বে পরিবর্তন এনে তাঁকে সাধারণ এক তরুণীর মতো দেখানোর চেষ্টা করেছিল।
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০২৪ সালের অক্টোবরে পারমা শহরের বার্ষিক প্রাচীন সামগ্রীর মেলায় চিত্রকর্মটির সন্ধান মেলে। ওই মেলায় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন শিল্পকর্মের ছবি তুলে নিজেদের তথ্যভাণ্ডারে সংরক্ষণ করছিলেন। এ সময় এআই প্রযুক্তি কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহজনক একটি চিত্রকর্ম শনাক্ত করে।
পরে চিত্রকর্মটির রং, নকশা ও সামগ্রিক কাঠামোর সঙ্গে মূল শিল্পকর্মের সংরক্ষিত ছবির তুলনা করা হয়। এ প্রক্রিয়ায় এর পরিচয় নিশ্চিত হয়।
চুরি যাওয়া শিল্পকর্ম শনাক্তের লক্ষ্যে ২০২০ সালে এআইভিত্তিক প্রযুক্তি তৈরির কাজ শুরু করে ইতালির পুলিশ। ‘স্টোলেন ওয়ার্কস অব আর্ট ডিটেকশন সিস্টেম’ নামের প্রযুক্তিটি ২০২৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
এই প্রযুক্তি ইন্টারনেট, অনলাইন নিলাম প্রতিষ্ঠান ও বিভিন্ন বাণিজ্যিক ওয়েবসাইটে প্রকাশিত শিল্পকর্মের ছবির সঙ্গে চুরি হওয়া শিল্পকর্মের তথ্যভাণ্ডারে সংরক্ষিত ছবির তুলনা করে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা শিল্পকর্মের সম্ভাব্য অবস্থান শনাক্ত করা সহজ হয়।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত ৩০০টির বেশি গুরুত্বপূর্ণ চিত্রকর্ম ও ভাস্কর্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১ লাখ ৬৫ হাজারের বেশি প্রাচীন সামগ্রী। উদ্ধার হওয়া এসব সম্পদের মোট মূল্য ২০ কোটি ৩০ লাখ ইউরোর বেশি।
শনাক্তকরণ ও তদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ২০২৫ সালের ২০ মে চিত্রকর্মটি সংশ্লিষ্ট গির্জার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বর্তমানে চিত্রকর্মটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষ হলে সেটি আবারও গির্জার নির্ধারিত পুরোনো স্থানে প্রদর্শনের জন্য রাখা হবে।
সূত্র: সামা টিভি



