রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এতে আশপাশের জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে গোলাগুলি শুরু হয়। পুলিশ জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের সশস্ত্র কর্মীরা গোলাগুলিতে জড়িয়ে পড়েন। তবে দুর্গম পাহাড়ি অবস্থানের কারণে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, দুপুর ১টার দিকে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে গোলাগুলির পর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।



