সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের প্রয়োজনে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পুলিশের গাড়িতে করে দ্বীপকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত হয়। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে নৌপুলিশ।
নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলাটি উত্তরখান থানায় দায়ের হলেও এর তদন্তের দায়িত্ব পালন করবে নৌপুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার আওতাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর পেছনের ঘটনা ও পরিস্থিতি খতিয়ে দেখছে নৌপুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজন ব্যক্তি ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
পরে শুক্রবার দ্বীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। একই দিন রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর ঘটনায় আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।



