tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএইচএসসিতে মাইলস্টোন কলেজের পাশের হার ৯৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন

এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাশের হার ৯৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলের নজির ধরে রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে অংশ নেওয়া মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯৫৪ জন উত্তীর্ণ হয়েছে। সে হিসাবে পাশের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন শিক্ষার্থী। ইংরেজি ভার্সনে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

কলেজ কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক ফলাফলের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে এবার ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিল ৩১৬ জন। এ বিভাগে পাশের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগের ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

ফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। ভালো ফলের জন্য একে অপরকে অভিনন্দন জানানোর পাশাপাশি চলে মিষ্টি বিতরণ। বাদ্যযন্ত্র বাজিয়েও সাফল্য উদ্‌যাপন করেন শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের একবার ভালো ফল করা চমক হতে পারে। কিন্তু বছরের পর বছর সেই সাফল্য ধরে রাখা এবং ফলাফলে ধারাবাহিক উন্নতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। মাইলস্টোন কলেজ নিয়ম-শৃঙ্খলা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে।