বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা সমাজ বদলাতে চান, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে হবে। একেবারে মানুষের কাছে চলে গেলে তবেই তা সম্ভব হবে।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বদরুদ্দীন উমর জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শ ও সংগ্রামে কখনো আপস করেননি। “আমরা যারা রাজনীতি করি, আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তবে নতুন প্রজন্ম তাঁর কাছ থেকে কতটা শিখেছে, সেটি স্পষ্ট নয়।”
তিনি আরও বলেন, “বিপ্লব তখনই সফল হয়, যখন শক্তিশালী সংগঠন থাকে। আজকের হতাশার মূল কারণ সংগঠনের দুর্বলতা। সংগঠন ছাড়া বিপ্লব হয় না।”
শোকসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত পরিবেশন করা হয়। এ সময় একটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।
শোকসভায় আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায় ও অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।



