‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া চূড়ান্তকরণে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ছয়টি মূল বিষয়ে আলোচনা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল— রাজউকের সিদ্ধান্ত গ্রহণে অংশীজনের সম্পৃক্ততা বৃদ্ধি, উন্নয়নস্বত্ত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনের সঙ্গে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ডের কাঠামো, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন এবং ভূমির পুনর্বিন্যাস।
এছাড়া সভায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।



