ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব এবার গভীরভাবে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে হামলা ও নিরাপত্তাঝুঁকি বাড়লেও এ অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন। নিরাপত্তার কারণে ইতালি সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনে বৈঠকে অংশ নিচ্ছে।
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশের জ্বালানি ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে পড়তে শুরু করেছে।
বিশ্বে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্পকারখানার জ্বালানির বড় অংশ এখনো জীবাশ্ম জ্বালানিনির্ভর। তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস মিলিয়ে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৮১ শতাংশ আসে এসব উৎস থেকে। এর মধ্যে খনিজ তেলের ব্যবহার সবচেয়ে বেশি। আবার বৈশ্বিক তেল উৎপাদনের একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে।
এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর মধ্যে হরমুজ প্রণালি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে জাহাজে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে এ পথে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর মধ্যে রয়েছে ইরিথ্রিয়া, মাদাগাস্কার, পাকিস্তান ও জাপান। একইভাবে রান্না ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস আমদানিতে দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর নির্ভরতা বেশি। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে সময়মতো জ্বালানি না পৌঁছানোয় এসব দেশে দাম বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে।
জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ তাদের সংরক্ষিত ‘জরুরি তেলের মজুত’ বাজারে ছাড়তে শুরু করেছে। তবে দীর্ঘস্থায়ী সংঘাত পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। একদিকে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জরুরি মজুতও দ্রুত কমে আসছে। যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বর্তমানে চীনের কাছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির সংরক্ষিত তেলের পরিমাণ প্রায় ১৪০ কোটি ব্যারেল।
জ্বালানি সরবরাহের এই সংকট শুধু তেল ও গ্যাসের বাজারেই সীমাবদ্ধ থাকছে না। পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমেই একটি আঞ্চলিক সংঘাতের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সূত্র: আল-জাজিরা



