tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনশিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন হুইপ দুলু

শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। তার দাবি, ওই সরকারের পেছনে থাকা মহল বাংলাদেশকে ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, কোনো দেশকে পিছিয়ে দিতে কিংবা ধ্বংসের দিকে ঠেলে দিতে হলে প্রথমে সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে হয়। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ওই সময়ে পরীক্ষার খাতায় কিছু না লিখে সাদা কাগজ জমা দিয়েও শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটত বলে দাবি করেন তিনি। এমনকি সামান্য লিখলেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার সুযোগ ছিল বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

বর্তমান সরকারের শিক্ষানীতি প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ বলেন, তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষাব্যবস্থার কথিত অনিয়ম ও তামাশা বন্ধ করেছে। এখন পড়াশোনা না করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে না। তিনি জানান, চলতি অর্থবছরের বাজেটে বিএনপি সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এর কোনো বিকল্প নেই।

দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুলু বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় বিশ্বাসী এবং সন্ত্রাস ও অরাজকতাকে সমর্থন করে না। তার অভিযোগ, একটি গোষ্ঠী প্রতিবেশী দেশে অবস্থান করে বিভিন্ন অজুহাতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্ম ও মতের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। কোনো ধরনের হিংসা-বিদ্বেষ ছাড়াই এই সহাবস্থান বজায় রাখা এবং প্রত্যেকের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য পালনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম। এ সময় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুনসহ অন্যরা।