যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মিকে মানবিক দিক বিবেচনায় দ্রুত জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি উল্লেখ করেন, শারমিনের দুই সন্তানের একজন বিশেষ চাহিদাসম্পন্ন এবং অপরজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ অবস্থায় সন্তানদের দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে তার জামিন দেওয়া প্রয়োজন।
শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিবৃতিতে জিএম কাদের বলেন, শারমিন সুলতানা শর্মি একজন রাজনৈতিক কর্মী এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের একটি দলের নেতৃত্বে রয়েছেন। রাজনৈতিক দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।
তবে বিচার চলমান থাকা অবস্থায় আইন অনুযায়ী তার জামিন পাওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, শারমিন সুলতানার দুই সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। অন্য সন্তানটি দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে। মা হিসেবে সন্তানদের পরিচর্যা, নিরাপত্তা ও প্রয়োজনীয় দেখভালের দায়িত্ব তার ওপর রয়েছে। তাই সার্বিক মানবিক পরিস্থিতি বিবেচনা করে তাকে দ্রুত জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
সন্ত্রাসবিরোধী আইনে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার রয়েছেন শারমিন সুলতানা শর্মি। তার জামিনের দাবি জানিয়ে জিএম কাদের বলেন, মামলার বিচারপ্রক্রিয়া চললেও মানবিক কারণ বিবেচনায় নিয়ে শারমিনের জামিনের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত।



