সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত হওয়ার পরও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যে যেসব নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাবেন না, তাদের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হবে।
ফেসবুক পোস্টে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, ১ অক্টোবর পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তাদের বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন মন্ত্রী। ফলে নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে পুলিশি যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের গত ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেওয়ার কথা রয়েছে।
তবে এখনো নিয়োগপত্র না পাওয়া চাকরিপ্রার্থীদের একাংশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকেও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দেওয়া হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরে মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্বাচিত সব প্রার্থীর পুলিশি ভেরিফিকেশনের নির্দেশ দেয়। এ যাচাই-বাছাইয়ের আওতায় প্রার্থীদের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন নথিপত্রও পরীক্ষা করা হয়।
এর আগে গত ৩ মে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, নির্বাচিত কোনো প্রার্থী বাদ পড়বেন না।



