tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকেন দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন রিচা চাড্ডা, জানালেন নিজেই

কেন দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন রিচা চাড্ডা, জানালেন নিজেই

বলিউডের সাহসী ও প্রভাবশালী অভিনেত্রীদের একজন রিচা চাড্ডা। ‘মাসান’ ও ‘ফুক্রে’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বড়পর্দায় কিংবা ওটিটির প্রচারে তেমন দেখা যায়নি তাকে। এবার সেই বিরতির কারণ নিজেই জানালেন অভিনেত্রী।

পরিচালক সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে অভিনয়ের পর রিচা চাড্ডাকে নতুন কোনো সিনেমায় সেভাবে দেখা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ থেকে দূরে থাকার কারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সন্তান জন্মের সময়টা তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল।

রিচা বলেন, ‘আমার নরমাল ডেলিভারি হয়েছিল এবং প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে, আমার মস্তিষ্ক কাজ করছিল না। স্বাস্থ্যগতভাবে পুরোপুরি ফিট হতে আমার দীর্ঘ সময় লেগেছে।’

সন্তান জন্মের পর শুধু মাতৃত্বের দায়িত্বই সামলাতে হয়নি তাকে। এর মাত্র কয়েক মাসের মধ্যেই প্রযোজক হিসেবে নিজের প্রথম সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’ ওটিটিতে মুক্তির প্রক্রিয়াও তদারকি করতে হয়েছে।

অভিনেত্রীর ভাষ্য, প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি, সিনেমার প্রচার এবং একই সঙ্গে ছোট সন্তানকে দেখাশোনা—সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে তার শরীর আর সায় দিচ্ছিল না। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে তাকে বাধ্য হয়েই বিশ্রামে যেতে হয়।

তবে সেই কঠিন সময় এখন পেছনে ফেলে এসেছেন বলে জানিয়েছেন রিচা। বর্তমানে তিনি পুরোপুরি ফিট এবং পুরোদমে কাজে ফেরার জন্য প্রস্তুত। শারীরিক অসুস্থতার মধ্যেও একটি ওটিটি শোর কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি ‘মুসাফিরি’ নামে একটি বিশেষ নন-ফিকশন সিরিজের গবেষণার কাজও শেষ করেছেন।

এবার খুব শিগগিরই নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী। ফলে দীর্ঘ বিরতির পর আবারও তাকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।

এদিকে প্রগতিশীল নারী চরিত্র নিয়েও নিজের ক্ষোভের কথা জানিয়েছেন রিচা চাড্ডা। তার মতে, পুরুষদের লেখা প্রগতিশীল নারী চরিত্রের তুলনায় নারীদের নিজেদের লেখা চরিত্র অনেক বেশি বাস্তবসম্মত হয়।

রিচা বলেন, ‘পুরুষদের লেখা প্রগতিশীল নারী চরিত্রের চেয়ে নারীদের নিজেদের লেখা চরিত্র অনেক বেশি বাস্তবসম্মত হয়। পুরুষ লেখকরা নারী স্বাধীনতা বোঝাতে শুধু একটি মদের বোতল হাতে ধরিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেন।’

এআই ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক বাস্তবতার প্রসঙ্গ তুলে নিজের মেয়েকে কীভাবে বড় করতে চান, সে বিষয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে উদারমনস্ক হতে শেখাব না—ও চারপাশ দেখে নিজে শিখবে। তবে আমি তাকে শেখাব কীভাবে কাউকে বা কোনো কর্তৃপক্ষকে ভয় না পেয়ে নিজের মতো বাঁচতে হয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে স্বামী আলী ফজলের সঙ্গে প্রথম কন্যাসন্তান জুনেয়রা ইদা ফজলকে স্বাগত জানান রিচা চাড্ডা। সন্তান জন্মের পর থেকেই মাতৃত্ব ও কাজ—দুই দিক সামলে এগিয়ে চলেছেন তিনি। এবার বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে পুরোদমে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী।