‘জয় বাংলা ব্রিগেড’-এর এক জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ সংক্রান্ত আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. জাহাঙ্গীর।
আবেদনে উল্লেখ করা হয়, চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে কেউ দেশে আবার কেউ বিদেশে অবস্থান করছেন। যারা দেশে আছেন, তারা যাতে পালিয়ে যেতে না পারেন এবং যারা বিদেশে আছেন তারা দেশে ফিরলে যাতে আটক করা যায়—সে কারণেই এ আদেশ জরুরি।
২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। পরে তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। আদালত ১৪ আগস্ট চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার নথিতে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ওই বৈঠকে শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।



