বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী, পর্যটক ও সাধারণ নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্রগুলো কাজে লাগাতে হলে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ সম্প্রসারণে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের আমদানি বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রপতি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম সফরের স্মৃতিচারণ করেন। তিনি সে সময়ের উষ্ণ আতিথেয়তার কথা উল্লেখ করে দুই দেশের জনগণের ঐতিহাসিক বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
বিদায়ী রাষ্ট্রদূতের দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে তার অবদানের জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। নিজ দেশে ফিরে যাওয়ার পরও দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ভিয়েতনামের রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ভিয়েতনামের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



