ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন আলী (২১)। আহত নাসিম মাতুব্বর (২০) একই উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুটি মোটরসাইকেলে করে ওই চার তরুণ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে যান। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে রাজন আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে একই দুর্ঘটনায় আহত আরও একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।



