বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভানের ক্যারিয়ারে আসতে যাচ্ছে আরেকটি বড় মাইলফলক। মেজর লিগ সকারের (এমএলএস) দল ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
‘সুলিভান ব্রাদার্স’-এর সবচেয়ে ছোট সদস্য কাভান চলতি সময়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। তার এই পারফরম্যান্সই জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর নজর কেড়েছে বলে জানা গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের জাতীয় দল ঘোষণা করা হবে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। এই ম্যাচগুলোর জন্য পচেত্তিনোর স্কোয়াডে কাভানের নাম থাকতে পারে বলে প্রথম খবর দেন ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল।
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই কাভানকে যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় তরুণ প্রতিভাদের একজন হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের পর এমএলএস ফের মাঠে গড়ানোর পর তার পারফরম্যান্স বিশেষভাবে আলোচনায় আসে। ওই সময়ের ম্যাচগুলোতে ৬ গোল ও ৮ অ্যাসিস্ট করে জাতীয় দলের কোচিং স্টাফের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তবে জাতীয় দলের আলোচনায় কাভানের নাম এর আগেও এসেছিল। সেপ্টেম্বরের শুরুতে এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পেলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।
বিশ্বকাপে শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পর কাভানের ওই আত্মবিশ্বাসী মন্তব্য নিয়ে পচেত্তিনোর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে যুক্তরাষ্ট্রের কোচ বলেন, দলের সম্ভাব্য খেলোয়াড়দের পারফরম্যান্স ও বক্তব্য—সবকিছুর ওপরই তারা নজর রাখছেন। তার মতে, প্রতিভাবান এবং আত্মবিশ্বাসী খেলোয়াড় প্রয়োজন হলেও মাঠে এখনও অর্জন না করা সাফল্য নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
পচেত্তিনো আরও বলেন, এমন পর্যায়ের আত্মবিশ্বাসের কিছুটা ছাড় হয়তো লিওনেল মেসির মতো খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যিনি আটটি ব্যালন ডি’অর জিতেছেন।
আসন্ন আন্তর্জাতিক ম্যাচে কাভান মাঠে নামার সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের মধ্যে চতুর্থ হিসেবে অভিষেক করবেন। তবে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেকের রেকর্ড এখনও ফ্রেডি আদুর দখলে। ২০০৬ সালে কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামার সময় আদুর বয়স কাভানের সম্ভাব্য অভিষেক বয়সের চেয়ে কয়েক মাস কম ছিল।
অবশ্য ক্লাব ফুটবলে এরই মধ্যে আদুর একটি দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন কাভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেকের সময় তিনি উত্তর আমেরিকার যেকোনো বড় পেশাদার ক্রীড়া লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন।
২০২৪ সালের মে মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে পেশাদার চুক্তিতে সই করেন কাভান সুলিভান। চুক্তিতে তার ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সুযোগও রাখা হয়েছে। ফলে জাতীয় দলের সম্ভাব্য অভিষেকের পাশাপাশি ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে যাওয়ার পথও তার সামনে খোলা রয়েছে।



