বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা সরকার মেনে নেবে না। দ্রুত কাজে যোগ না দিলে সরকার বিকল্প ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির জানান, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী অনেকে জাতীয় নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছেন। যদিও মন্ত্রণালয় তা বিশ্বাস করে না, তবে কর্মীরা কাজে না ফিরলে বিষয়টি সত্য বলে ধরে নেওয়া হবে।
তিনি আরও বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকায় তাদের সঙ্গে বৈঠক সম্ভব নয়। কাজে যোগ দেওয়ার পর যেকোনো সময় আলোচনা করা যাবে। বিদ্যুৎ অত্যাবশ্যকীয় সেবা—এটা নিশ্চিত করতে সবার দায়িত্ব।”
পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে সাবেক সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং চাকরিবিধি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেককে কাজে ফিরতে বাধা দেওয়া হচ্ছে। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ৩টি জিডি করা হয়েছে। সরকার সমস্যাগুলো সমাধানে কাজ করছে, সহনশীলতা দুর্বলতা ভেবে ভুল করলে চলবে না।”
তিনি আরও জানান, কর্মকর্তাদের অনেক দাবি ইতোমধ্যেই পূরণ করা হয়েছে। কিছু দাবি পূরণে আইন ও বিধি সংশোধনের প্রয়োজন, যা নিয়ে কাজ চলছে।



