ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটকেন্দ্র রাখা হয়েছে ৪২ হাজার ৬১৮টি। আগামী ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্র নিয়ে দাবি ও আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। আপত্তি নিষ্পত্তির সময়সীমা ১২ অক্টোবর পর্যন্ত। এরপর ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।
সচিব আরও জানান, পুরুষ ভোটারদের জন্য প্রতি কক্ষে ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ এবং নারী ভোটারদের জন্য প্রতি কক্ষে ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে খসড়ায় ভোটকক্ষ রাখা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। গত সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।



