৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রেই নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
এর আগে গত ২১ জুলাই শিক্ষক নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে—এর মধ্যে সরকারি কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি। ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
এই বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা। এমসিকিউতে প্রার্থীর বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ১০০ নম্বরের, আর বাকি ১০০ নম্বরের প্রশ্ন থাকবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে বণ্টন: বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ এবং মানসিক দক্ষতা ১০ নম্বর। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।
উল্লেখ্য, এর আগে সরকারি কলেজের শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছিল পিএসসি।



