tanaka
প্রচ্ছদজাতীয়সরকারি ক্রয় নীতিতে আসছে আমূল পরিবর্তন

সরকারি ক্রয় নীতিতে আসছে আমূল পরিবর্তন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) বদলে আসছে নতুন ‘পিপিআর-২০২৫’। এতে ৯৪টি বিধি সংশোধন, ১২টি নতুন বিধি সংযোজন, ৭টি বিধি বাতিল এবং ৪টি নতুন তপশিল অন্তর্ভুক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন কাঠামো দাঁড়িয়েছে ১৫৩টি বিধি নিয়ে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে আইএমইডি সম্মেলন কক্ষে এ খসড়া বিধিমালা নিয়ে সাংবাদিকদের অবহিত করে বিপিপিএ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন এবং সভাপতিত্ব করেন বিপিপিএর সিইও ও সচিব এস এম মঈন উদ্দীন আহম্মেদ। খসড়ার মূল বিষয়গুলো উপস্থাপন করেন বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম।

খসড়া বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো:

  • সব সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক করা হয়েছে।
  • দরপত্রের প্রাক্কলিত মূল্যের সঙ্গে ১০% সীমা বাতিল করা হয়েছে।
  • অতিরিক্ত কাজ বা সরবরাহের জন্য নতুন ধারা সংযোজন এবং ভেরিয়েশনের সীমা ৩০% পর্যন্ত বাড়ানো হয়েছে।
  • ভৌত সেবা ও শ্রমঘন সেবা নতুন ক্যাটেগরিতে যুক্ত করা হয়েছে।
  • প্রতিযোগিতা বাড়াতে বিপরীত নিলাম প্রক্রিয়া চালু করার প্রস্তাব।
  • নারী-মালিকানাধীন প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা সংযোজন।
  • চুক্তি ব্যবস্থাপনায় কঠোরতা আনা হয়েছে; অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা প্রকাশ বাধ্যতামূলক।
  • সরকারি সম্পদ বিক্রি বা নিষ্পত্তির জন্য নতুন নিয়ম প্রবর্তন।
  • চুক্তি বাতিলের আগে স্বতন্ত্র কমিটির সুপারিশ বাধ্যতামূলক।
  • ভৌত সেবা, আন্তর্জাতিক ক্রয় বা জরুরি ক্রয়ে দরকষাকষির সুযোগ বৃদ্ধি।
  • অসদাচরণের ক্ষেত্রে কালো তালিকাভুক্তকরণ ও স্থগিতাদেশ আরও কঠোর করা হয়েছে; এজন্য বিশেষজ্ঞদের নিয়ে ডিবারমেন্ট রিভিউ বোর্ড গঠনের প্রস্তাব এসেছে।

আইএমইডি সচিব জানান, গণমাধ্যমকে অবহিত করার উদ্দেশ্যেই এ কর্মশালা আয়োজন করা হয়েছে। বিপিপিএ বলছে, প্রস্তাবিত পিপিআর-২০২৫ সরকারি ক্রয় আইন, ২০০৬-এর সংশোধনের ধারাবাহিকতায় তৈরি হয়েছে, যা চলতি বছরের ৪ মে গেজেটে প্রকাশিত হয়।

লক্ষ্য

নতুন বিধিমালার মূল উদ্দেশ্য সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, পরিবেশবান্ধবতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা। সরকারের আশা, এ উদ্যোগে সরকারি অর্থব্যবস্থায় সুশাসন ও দক্ষতা বৃদ্ধি পাবে।