ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়।
ভোট গ্রহণ শেষে শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ডাকসু নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সারাদিনের ভোটে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্যে দেখা যায়, জহুরুল হক হলে মোট ভোটার ১,৯৬৩ জন, কাস্টিং ভোট ১,৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ভোট ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২,২২২ জন, কাস্টিং ভোট ১,৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫,৬৭৬ জন, কাস্টিং ভোট ৩,৯০৭টি (৬৯ শতাংশ)।



