tanaka
প্রচ্ছদখেলাকাঠমান্ডুতে আটকে বাংলাদেশ দল, দেশে ফেরা অনিশ্চিত

কাঠমান্ডুতে আটকে বাংলাদেশ দল, দেশে ফেরা অনিশ্চিত

নেপালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। বিকেল ৩টায় কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইট থাকলেও এখনো হোটেল ছাড়তে পারেনি জামাল ভূঁইয়ারা।

সাধারণ নিয়মে আন্তর্জাতিক ফ্লাইটে অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু কাঠমান্ডুর রাস্তায় চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ দলকে প্রটোকল দিয়ে বিমানবন্দরে নেওয়া সম্ভব হয়নি। এছাড়া, বিমানবন্দর বন্ধ হওয়ার খবরও এসেছে।

দলের সঙ্গে থাকা বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন জানান, “রাস্তায় প্রচণ্ড আন্দোলন চলছে। আনফা (নেপাল ফুটবল ফেডারেশন) প্রটোকশন দিয়ে দলকে নিয়ে যেতে পারছে না। বিমানবন্দরও বন্ধ। তবে খেলোয়াড়রা হোটেলে নিরাপদে আছে।”

এদিকে, টিম ম্যানেজমেন্ট ও বাফুফে দলকে দেশে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তারা নেপাল ফুটবল ফেডারেশন এবং কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সকালে বিমানের টিকিট নিশ্চিত হওয়ায় দল হোটেল থেকে চেক আউট করেছিল। বর্তমানে খেলোয়াড়রা লাগেজসহ হোটেলের লবিতে অপেক্ষায় রয়েছে। তবে নির্ধারিত ফ্লাইটে আজ ফিরতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কাঠমান্ডুর বৈরী পরিস্থিতির কারণে আজকের ম্যাচও বাতিল হয়েছে। এজন্য দল আজই দেশে ফিরতে চেয়েছিল। যদিও ফ্লাইট রিশিডিউল করা আছে, যদি আজ ফেরার সুযোগ না হয়, তবে বাফুফেকে নতুন করে ৩৩টি টিকিট এবং হোটেলের ব্যবস্থা করতে হবে।