tanaka
প্রচ্ছদসারাদেশএ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: এসএম জিলানী

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: এসএম জিলানী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এ দেশের সবাই বাংলাদেশি। বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের মাটিতে কোনো পক্ষেরই ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। দেশের সব মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। আমিও আমার জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।’

শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান

এসএম জিলানী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন বা বৈষম্য সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। এ অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে সম্প্রীতি রয়েছে, তা অটুট রাখতে তিনি কাজ করে যাবেন।

জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এ বিশ্বাস থেকেই প্রতিবছর তাঁর জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে তিনি তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হলে তাদের পাশে থাকার এবং সংসদে তাদের কথা তুলে ধরার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নির্বাচিত হতে পারলে আপনাদের সেবায় কাজ করব। আমি পবিত্র সংসদে গিয়ে আপনাদের কথা বলব। নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। পবিত্র সংসদে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি।’

তিনি আরও বলেন, খুব শিগগির কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে। এ জন্য তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের আশীর্বাদ কামনা করেন, যাতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারেন।

শোভাযাত্রায় রাজনৈতিক ও সামাজিক নেতারা

প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

পরে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।