tanaka
প্রচ্ছদজাতীয়হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুর রহমান আবেদনটি উপস্থাপন করেন। আবেদনে ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ফয়সাল ও তাঁর স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলেও আদালতের কাছে যুক্তি তুলে ধরে দুদক।

ভারতের কারাগারে ফয়সাল

শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম আলোচনায় আসে। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর থেকে ফয়সাল করিম মাসুদ ভারতের একটি কারাগারে আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে হাদি হত্যা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি দুদকের আর্থিক লেনদেনের অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে।

আদালতের সর্বশেষ আদেশের ফলে ফয়সাল ও তাঁর স্ত্রী শাহেদা পারভীনের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।