tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালের বন্যার্তদের জন্য ১০ কোটি ওন দিলেন স্ট্রে কিডসের লি নো

নেপালের বন্যার্তদের জন্য ১০ কোটি ওন দিলেন স্ট্রে কিডসের লি নো

নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নো। জরুরি ত্রাণ ও বন্যাকবলিত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমে তিনি দিয়েছেন ১০ কোটি ওন, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি টাকারও বেশি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এই অনুদান দেন লি নো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের জীবিকা পুনরুদ্ধারে অর্থটি ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।

লি নোর এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে জানানো হয়, দুর্যোগের কঠিন সময় পার করা মানুষের জন্য তাঁর এই সহায়তা কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে তিনি আশা করছেন।

লি নো বলেন, ‘আমি আশা করি, এই সহায়তা কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের কিছুটা শক্তি জোগাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং মাঠপর্যায়ে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সবাই যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটিই আমার প্রত্যাশা।’

যেসব কাজে ব্যয় হবে অনুদান

ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, লি নোর দেওয়া অর্থ বন্যায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে। এর মধ্যে থাকবে খাদ্য সরবরাহ, অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা এবং মৌলিক স্যানিটেশন সুবিধা।

মানবিক কাজে নিয়মিত লি নো

মানবিক কর্মকাণ্ডে লি নোর সম্পৃক্ততা এবারই প্রথম নয়। দীর্ঘদিন ধরে শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করে আসছেন স্ট্রে কিডসের এই সদস্য।

২০১৪ সাল থেকে শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে বড় অঙ্কের অর্থ অনুদানের মাধ্যমেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই কে-পপ তারকা।

গানের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও অবদান রাখায় ভক্ত ও সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা পেয়েছেন লি নো।

সূত্র: হিন্দুস্তান টাইমস