ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ কাঙ্ক্ষিত ফল দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন বড় ধরনের জয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই সেই সাফল্য আসতে পারে।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, খামেনি মারা গেছেন বলে তিনি মনে করেন না। তবে তার শরীরের বাম পাশ, বিশেষ করে হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি করেন ট্রাম্প। এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
ট্রাম্পের মতে, খামেনি মারা গিয়ে থাকলে ইরানি কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কারণ, ইরানের কর্মকর্তারা এখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সর্বোচ্চ নেতার অনুমোদন নেওয়ার কথা বলে আসছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও অর্থনৈতিক চাপ—দুই দিক থেকেই সাফল্য আসছে বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে খুব বড় একটি বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই জয় খুব শিগগিরই আসতে পারে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানও খুব বেশি দূরে নয় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও দাবি করেছেন, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে জাহাজ চলাচলও শুরু হয়েছে। তবে ইরান এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে।
ট্রাম্পের এসব মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মোজতবা খামেনির বর্তমান অবস্থা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে নানা জল্পনা চলছে। ইরান তাকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিলেও দীর্ঘ সময় ধরে তার প্রকাশ্যে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্যসূত্র: সামা টিভি



