গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে টিনশেডের তৈরি তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়াবাড়ি টিনশেড এলাকায় একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামগুলোতে বিপুল পরিমাণ ঝুটসহ বিভিন্ন ধরনের দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত আশপাশের অংশে ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে মোট পাঁচটি ইউনিট দীর্ঘ সময় ধরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে সারাবো ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি জানান, আগুনে তিনটি টিনশেড ঝুটের গুদাম পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।



