দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনের পশ্চিমে উপকূলীয় শহর কাসকাইসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর পাঁচ সন্তানও।
বিয়ের পর ইনস্টাগ্রামে দুজনের হাতের ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দুজনের হাতেই দেখা যায় বিয়ের আংটি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘C❤️G’। মাদ্রিদে প্রথম পরিচয়ের প্রায় ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হলেন তারা।
এর আগে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে জর্জিনাকে বিয়ে করার ইচ্ছা ছিল তার। একই সঙ্গে তিনি বলেছিলেন, জর্জিনাকে শুধু সন্তানদের মা হিসেবে নয়, গভীর ভালোবাসা থেকেই বিয়ে করতে চেয়েছেন। শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি ছাড়াই বিয়ের পিঁড়িতে বসেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
সেই সাক্ষাৎকারে রোনালদো আরও জানিয়েছিলেন, জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর স্থায়ীভাবে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার সেই সম্পর্কই পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।
কে এই জর্জিনা রদ্রিগেজ?
৩২ বছর বয়সি জর্জিনা রদ্রিগেজ একজন স্প্যানিশ মডেল, নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। রোনালদোর জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যবসায়িক কর্মকাণ্ডের কারণেও তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত।
রোনালদোর সঙ্গে সম্পর্কের আগে থেকেই জর্জিনার জীবন ছিল বেশ সাধারণ। গ্রাজিয়া ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, স্পেনের জাকা শহরে বোন ইভানা, স্প্যানিশ মা ও আর্জেন্টাইন বাবার সঙ্গে তার শৈশব কাটে। ক্যাথলিক স্কুলে পড়াশোনা শেষে তিনি মাদ্রিদে পাড়ি জমান।
সেখানে প্রথমে স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড মাসিমো দুত্তিতে কাজ করেন। পরে গুচিতে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
রোনালদোর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য
জর্জিনার সঙ্গে সম্পর্কের আগে রোনালদোর প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম হয়। বর্তমানে তিনি বাবার পথ অনুসরণ করে ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন।
পরবর্তী সময়ে রোনালদোর পরিবারে যুক্ত হয় যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও এবং জর্জিনার সঙ্গে রোনালদোর সন্তান আলানা ও বেল্লা। ফলে রোনালদোর পাঁচ সন্তানেরই পারিবারিক জীবনে জর্জিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মডেলিং থেকে ব্যবসায়
রোনালদোর সঙ্গে সম্পর্কের পর জর্জিনার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি নিজের ব্যবসায়িক পরিচয়ও তৈরি করেছেন।
২০২১ সালে তিনি ‘ওএম বাই জি’ নামে নিজের ফ্যাশন ব্র্যান্ড চালু করেন। এর বাইরে চুল পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান ইনস্পারিয়াসসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
ফোর্বস স্পেনের এক প্রতিবেদনে জর্জিনাকে রোনালদোর সঙ্গে ওই প্রতিষ্ঠানের সহমালিক ও প্রশাসক হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি প্রশাসকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
‘আই অ্যাম জর্জিনা’ দিয়ে আরও পরিচিতি
জর্জিনার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’। ২০২২ সালে শুরু হওয়া এই সিরিজে তার ব্যক্তিগত জীবন, মডেলিং, ব্যবসা, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা এবং মা হিসেবে দায়িত্ব পালনের নানা দিক তুলে ধরা হয়েছে।
সিরিজটির মাধ্যমে রোনালদোর জীবনসঙ্গী পরিচয়ের বাইরে জর্জিনার নিজস্ব জীবন ও ক্যারিয়ারও দর্শকদের সামনে আসে।
বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭ কোটিরও বেশি। ফলে রোনালদোর স্ত্রী হিসেবে পরিচিতির পাশাপাশি মডেল, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবেও নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন জর্জিনা রদ্রিগেজ।
দীর্ঘ সম্পর্কের পর রোনালদোর সঙ্গে বিয়ের মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়েরও আনুষ্ঠানিক পরিণতি হলো।



