tanaka

দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বাবর

দীর্ঘ অপেক্ষার পর আবারও টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরেছেন পাকিস্তানের তারকা বাবর আজম। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর বুধবার প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ...
প্রচ্ছদরাজনীতিসাঁকো ভেঙে নদীর ধারে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

সাঁকো ভেঙে নদীর ধারে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে কয়েকজন জামায়াত নেতা-কর্মী নদীর ধারে পড়ে গেছেন। এ ঘটনায় কয়েকজন আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়নের সঙ্গে সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠায় অতিরিক্ত চাপ তৈরি হয়। একপর্যায়ে কাঠের একটি অংশ ভেঙে গেলে কয়েকজন ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। স্থানীয় বাসিন্দা ও এমপির সফরসঙ্গীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় সাঁকো থেকে নিরাপদে সরে আসতে সক্ষম হন।

ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপেই এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি আব্দুস সাত্তার সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।

দ্রুত পাকা সেতু নির্মাণের আশ্বাস

দুর্ঘটনার পর স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি এখানকার মানুষের প্রতিদিনের ঝুঁকিপূর্ণ যাতায়াতের বাস্তব চিত্র তুলে ধরেছে।

তিনি বলেন, নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ কাঠের সাঁকোটিই ওই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। ফলে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।