বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি কথোপকথনের অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে ওই ফোনালাপের রেকর্ড জমা দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালে তা বাজিয়ে শোনানো হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, ২০২৪ সালের ১১ জুলাইয়ের ওই কথোপকথনে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে কথা বলার সময় ওবায়দুল কাদের আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
ফোনালাপে সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদেরকে অবহিত করেন। তিনি বলেন, আন্দোলনকারীদের কর্মসূচিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে এবং তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে।
এ সময় ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘পেটাও না কেন ওদের? মারো না কেন ওদের? চড়াও হতে দাও কেন ওদের? সুযোগ দাও কেন?’
এরপর সাদ্দাম হোসেন আন্দোলনের পেছনে জামায়াত-বিএনপির সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। জবাবে ওবায়দুল কাদের পরিস্থিতি মোকাবিলায় প্রশ্ন তোলেন।
রাষ্ট্রপক্ষ জানায়, কথোপকথনের অডিওটি সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষা করিয়ে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে অধীনস্থদের ‘পেটাও’, ‘মারো’—এ ধরনের নির্দেশ দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় উসকানি দেওয়ার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও বলেন, মামলার বিচারিক কার্যক্রমে এই ফোনালাপ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।



