tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির

নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির

নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার ঘটনাপ্রবাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা প্রয়োজন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রশিবিরের মাসব্যাপী স্মৃতি সংরক্ষণ কর্মসূচির প্রশংসা করে বলেন, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণদেরও এই ইতিহাস জানতে হবে।

প্রতীকী কবর ও স্মৃতি প্রদর্শনী পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এসব আয়োজন আন্দোলনের আত্মত্যাগ ও ত্যাগের ইতিহাস উপলব্ধিতে সহায়ক হবে। পাশাপাশি ডকুফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণদের ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে। তবে তিনি এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচার বা দমনমূলক শাসন মেনে নেয় না। তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা পরিবর্তনের প্রত্যাশায় গণভবনের দিকে অগ্রসর হয়েছিল।

তিনি আরও বলেন, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা এবং ছাত্রশিবিরের ডকুফিল্ম প্রতিযোগিতা জুলাই আন্দোলনের স্মৃতিকে আরও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ২০২৪ সালের আন্দোলনের কঠিন সময়েও নেতাকর্মীরা ভয়ভীতি ও দমন-পীড়ন উপেক্ষা করে কর্মসূচি পালন করেছিলেন। তিনি জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সারাদেশে ছড়িয়ে থাকা জুলাই আন্দোলনের দলিল, স্মৃতি ও তথ্য সংগ্রহ করে প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ডকুফিল্মগুলো নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চলছে এবং বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের কর্মসূচিতে ছাত্রদলের হামলার ঘটনাও ঘটেছে।

সরকারের প্রতি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বলেন, “আমরা প্রতিশোধের আগুনে জ্বলছি। তারপরও আমাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করে যাচ্ছি। যদি প্রতিশোধ নিতে হয়, কোনো অপশক্তি তা ঠেকাতে পারবে না।”

অনুষ্ঠানে ডকুফিল্ম প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘গ্রামের চোখে জুলাই’ (মাহমুদ এইচ এম, নোয়াখালী)। বিজয়ীকে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

দ্বিতীয় স্থান অর্জন করে ‘জুলাইয়ের ছিটেফোঁটা’ (গাজীপুর মহানগর), যার পুরস্কার ছিল দেড় লাখ টাকা। তৃতীয় স্থান লাভ করে ‘দ্রোহের জুলাই’ (নরসিংদী জেলা শাখা), যার পুরস্কার ১ লাখ টাকা।

চতুর্থ স্থান অধিকার করে ‘বুলেটের বৃষ্টি পেরিয়ে’ (ঢাকা মহানগর পূর্ব), যার পুরস্কার ৫০ হাজার টাকা। পঞ্চম স্থান অর্জন করে ‘The Silent Echo’, যার জন্য নির্ধারিত ছিল ৩০ হাজার টাকা।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।