tanaka

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।...
প্রচ্ছদপরবাসমালয়েশিয়ায় বাংলাদেশিদের সংঘর্ষে নিহত ৩, আটক ১

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংঘর্ষে নিহত ৩, আটক ১

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সোমবার (৩ আগস্ট) নেগেরি সেমবিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম এনএসটি অনলাইন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেগেরি সেমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে একজন বাংলাদেশিকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশের ধারণা, সংঘর্ষটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত চলছে। তবে সংঘর্ষের সূত্রপাত বা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারী সংস্থা।