tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিএফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক

এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে ব্যবসায়ী মহল থেকেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।

এর আগে তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।

রোববার সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফজলুল হক। দায়িত্ব নেওয়ার পর তিনি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে দুপুরের দিকে কার্যালয় ত্যাগ করেন।

গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয় ২৭ জুন। এরপর থেকে প্রশাসক পদটি শূন্য ছিল।

এফবিসিসিআইয়ে প্রশাসক নিয়োগের পটভূমি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন।

পরে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

হাফিজুর রহমান প্রায় এক বছর দায়িত্ব পালন করলেও তাঁর মেয়াদে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে তাঁর সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে কয়েকটি ব্যবসায়ী সংগঠন বিধিমালার বিভিন্ন ধারা চ্যালেঞ্জ করে আদালতে রিট করলে নির্বাচন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

এরপর হাফিজুর রহমানের মেয়াদ শেষ হলে প্রায় দেড় মাস প্রশাসক পদ খালি ছিল। পরে ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁকে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে মামলার জটিলতার কারণে তাঁর পক্ষেও নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। পরে গত ফেব্রুয়ারিতে তাঁর মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, যা গত ২৬ জুন শেষ হয়।

নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতৃত্ব ফেরানোর লক্ষ্য

গত মে মাসে এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। তখন সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

নতুন প্রশাসক মো. ফজলুল হক বলেন, ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনতে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পালনের জন্য তিনি যথাযথ চেষ্টা করবেন।

এ জন্য ফেডারেশনের সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।