tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদচাকরীকারিগরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে দিনাজপুরে ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬’

কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে দিনাজপুরে ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬’

কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা এবং ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা দিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মিটআপ দিনাজপুর ২০২৬’।

৩১ জুলাই বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ জাহাঙ্গীর অডিটোরিয়ামে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের কর্পোরেট ও প্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর প্রফেশনাল মো. জুবায়ের হোসেন, ন্যাশনাল টিউবস লিমিটেডের প্রকৌশলী আমিনুর রহমান রাসেল, ইয়ুথ ইমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. রাশেদুজ্জামান, সাদিয়া আইটির সিইও মো. রায়হান মিয়া এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর ইফতেখার আলম।

বক্তারা বর্তমান চাকরির বাজারের চাহিদা, মানসম্মত সিভি তৈরির কৌশল, কর্পোরেট গ্রুমিং, ইন্টারভিউ প্রস্তুতি এবং সরকারি-বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি জ্ঞানের পাশাপাশি সফট স্কিল অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও আয়োজক মো. তৌহিদুজ্জামান বলেন, “কারিগরি শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ জনশক্তি। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই পড়াশোনা শেষে চাকরির বাজারে গিয়ে পিছিয়ে পড়েন। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা শিক্ষাজীবন থেকেই নিজেদের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারে।”

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন বাস্তবমুখী আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতি সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া পরামর্শ তাদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।

আয়োজনটিতে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে প্রকাশনা সংস্থা হক পাবলিকেশনস। তৌহিদ অ্যাসোসিয়েটস গত চার বছর ধরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের জন্য এ ধরনের ক্যারিয়ারভিত্তিক আয়োজন করে আসছে।