সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহত ব্যক্তি হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একই এলাকার হেমেন্দ্র দেবনাথ (৩০), সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান।
অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। অপর চারজন নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি তিনজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর তিনজনকে উদ্ধারে উদ্ধারকারী দল অভিযান অব্যাহত রেখেছে।



