প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির পুনরুত্থান ঘটলে দেশে কেউই নিরাপদ থাকবে না। পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের যে চেষ্টা চলছে, তা শেষ পর্যন্ত কারও জন্যই সুফল বয়ে আনবে না। বরং যারা এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তারাও সেই অস্থিরতার শিকার হবেন।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংগীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এতে বিএনপির ক্ষতি হবে বলে যারা মনে করছেন, তারা প্রকৃতপক্ষে নিজেদের জন্যই সংকট তৈরি করছেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের পরিণতি আপনাদের দিকেই ভয়াবহভাবে ফিরে আসতে পারে।’ সবাইকে দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



