ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ছিলেন দেশটির প্রথম নারী সুপারস্টারদের একজন। শুধু সাধারণ দর্শক নয়, বিশ্বের অসংখ্য তারকার কাছেও তিনি ছিলেন স্বপ্নের নায়িকা। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনও ছিলেন তার বড় ভক্ত।
শ্রীদেবীর প্রতি আল্লু অর্জুনের মুগ্ধতা ছিল ছোটবেলা থেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ১৯৯৬ সালে শ্রীদেবীর বিয়ের খবর শুনে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে, পুরো দিন কেঁদেছিলেন।
পুরোনো সেই স্মৃতি স্মরণ করে আল্লু অর্জুন বলেন, “শ্রীদেবীর প্রতি আমার ভীষণ ভালো লাগা ছিল। তাকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবতেই পারতাম না। ১৯৯৬ সালের ২ জুন যখন শুনলাম তিনি বনি কাপুরকে বিয়ে করেছেন, তখন বিষয়টি বিশ্বাস করতে পারিনি। মন খারাপের কারণে সেদিন পুরোটা দিন কেঁদেছিলাম।”
তিনি আরও জানান, তার বয়সী অনেকের কাছেই শ্রীদেবী ছিলেন শুধুই একজন স্বপ্নের নায়িকা, কিন্তু তার কাছে এই অনুভূতি ছিল আরও গভীর ও আবেগপূর্ণ।
১৯৯৬ সালে ঘরোয়া আয়োজনে প্রযোজক বনি কাপুর ও শ্রীদেবীর বিয়ে হলেও বিষয়টি বেশ কিছুদিন গোপন রাখা হয়েছিল। পরে ১৯৯৭ সালের জানুয়ারিতে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বনি কাপুর তখন আগে থেকেই বিবাহিত থাকায় শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে সে সময় বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।



