লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠন করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই এ জোটের প্রধান লক্ষ্য।
সৌদি আরব বৃহস্পতিবার জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি ও আশপাশের নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পরপরই জোট গঠনের বিষয়টি সামনে এলো। হুথিদের দাবি, তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ ও দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, জোটের সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।
বিবৃতিতে বলা হয়, জোটের মূল উদ্দেশ্য হলো সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, জোট গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়। এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়। অংশগ্রহণকারী ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে জোটে সমর্থন জানিয়েছে। আরও কয়েকটি দেশ জোটে যুক্ত হওয়ার বিষয়ে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
সূত্র: গালফ নিউজ



