জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির প্রস্তুতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ৫ আগস্টের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি, করণীয় এবং সার্বিক পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতারা বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এতে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
বৈঠকে আরও জানানো হয়, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের পরবর্তী কর্মসূচি আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে।
এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করা হয়।



