tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন, আধুনিকায়ন এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। উপস্থাপনা পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের ধারাবাহিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং প্রশাসনিক জবাবদিহি আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তই শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ পরিদর্শনে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে শিক্ষা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন দেশের শিক্ষা প্রশাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি শিক্ষা খাতে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন। বিশেষ করে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করেছেন এবং চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”