দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং ১৮টি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত ও মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের ঘোষণা দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত সায়েম।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন—
- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. এমতাজ হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)
- কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: অধ্যাপক জি এম শফিউর রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)
- কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এনটোমোলজি বিভাগ)
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার (মার্কেটিং বিভাগ)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাপক সালমা বেগম (ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞান বিভাগ)
- নওগাঁ বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. তারিকুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফিশারিজ বিভাগ)
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম (মৃত্তিকাবিজ্ঞান বিভাগ)
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. আনিছুর রহমান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগ)
- মেহেরপুর বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. আতাউর রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়, উর্দু বিভাগ)
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. আবদুস সোবাহান (রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং)
- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. শফিকুল ইসলাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট)
- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): অধ্যাপক মো. আখতার হোসেন (পুরকৌশল বিভাগ)
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগ)
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. নওশের ওয়ান (ইংরেজি বিভাগ)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন এবং প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার সরকার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়।



